দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোটে এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নাহিদ নিজে হাইকোর্টে হাজির হয়ে রিট দায়ের করেন। রিটে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত এ প্রার্থীর প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।

নাহিদ ইসলামের পক্ষে আইনজীবীরা হলেন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা, অ্যাডভোকেট আলী আজগর শরীফী।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা বলেন, এ সপ্তাহেই হাইকোর্টে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

এর আগে ঢাকা-১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।