জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে জামায়াতের মৌলিক কোনো আপত্তি নেই। তবে জামায়াত উচ্চ এবং নিম্ন উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।’ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু নির্বাচন ফেয়ার করার শর্তটাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চাই। সেজন্য ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে, সেগুলোকে আইনি ভিত্তি দেয়া এবং সে ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। এছাড়া আমাদের কিছু বাড়তি পলিটিক্যাল দাবি আছে। আমরা একটি বিষয়ে একমত হয়েছি, সেটি হলো উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন। কিন্তু আমাদের দাবি হলো, উচ্চ ও নিম্ন উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন। সে ইস্যুতে আমরা আন্দোলন করব এবং সেটাকে রিয়ালাইজ করার চেষ্টা করব।’

আইন-শৃঙ্খলার বিষয়ে সিইসির সঙ্গে কথা হয়েছে জানিয়ে দলটির নায়েবে আমির বলেন, ‘সিইসি এক্ষেত্রে বলেছেন সীমাবদ্ধতা আছে, কিন্তু তিনি আশ্বস্ত করেছেন, এ বিষয়ে তারা কাজ করছেন। তারা আশাবাদী, সবাই মিলে এ রকম একটা পরিস্থিতির উন্নয়ন করতে পারবে।’ সংসদীয় আসন কুমিল্লা-১১-এর সীমানা নিয়ে আলোচনা করতে ইসিতে গিয়েছিলেন বলে তিনি জানান।