কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় র‍্যাব-১৫-এর সদস্যরা অভিযান চালিয়ে তিন কেজি ক্রিস্টাল মেথ আইসসহ মাদককারবারি চক্রের সদস্য এক রোহিঙ্গাকে আটক করেছে।

র‍্যাব সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ৩টার দিকে কক্সবাজার র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ শাপলা চত্বরের সামনে আল মদিনা গ্লাস অ্যান্ড হার্ডওয়্যারের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে জনৈক জহুর উদ্দিনের ভাড়া বাসায় অবস্থানকারী রোহিঙ্গা আব্দুল লতিফকে (৬৪) একটি শপিং ব্যাগসহ আটক করে র‍্যাব। পরে ব্যাগটি তল্লাশি করে তিন কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। কক্সবাজার র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ আটক মাদককারবারিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।