ময়মনসিংহের ত্রিশাল, দক্ষিণ গফরগাঁও ও নেত্রকোনায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ চারজন নিহত হয়েছেন। গতকালের এসব দুর্ঘটনায় ময়মনসিংহে আহত হয়েছে চারজন। বণিক বার্তার সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

ময়মনসিংহ: জেলার ত্রিশালের কানিহারী ইউনিয়নের তিরখী কালিরবাজার এলাকায় ময়মনসিংহ-গফরগাঁও আঞ্চলিক সড়কে বালিবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক জসিমউদ্দিন (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা যান। তার পরিচয় জানা যায়নি।

এদিকে দক্ষিণ গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নের শহীদনগর গ্রামের রিফাত (২৫) পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আলম মিয়ার ছেলে। দুর্ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নেত্রকোনা: সদর উপজেলার মদনপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা দেয়ালে ধাক্কা লেগে ফারুক আহমেদ নামে একজন নিহত হয়েছেন। তিনি নিজ বাড়ি থেকে নেত্রকোনা সদরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।