পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে কৃষি ব্যাংক এবং কৃষি ঋণের বিস্তার হয়েছিল, আর কৃষিতে পরিবর্তনের জন্য তিনি খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। আজ বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংক মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে খাল খনন কর্মসূচি পুনজাগরণ হচ্ছে। ‎গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে খাল, পুকুর, জলাশয় খনন ও পুনঃখনন পুনরায় চালু করেছেন। এতে পানি প্রবাহ বৃদ্ধি পাবে, সেচের ব্যবস্থা হবে, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, নদীর নাব্যতা ফিরে আসবে এবং জলাবদ্ধতা দূর হবে।

মন্ত্রী উল্লেখ করেন, কৃষি ব্যাংক আর্থিক খাতের সুশৃঙ্খল প্রতিষ্ঠান। দেশের জনগণের ভাগ্যোন্নয়নে কৃষি ব্যাংক সরাসরি জড়িত। তিনি আশাবাদ ব্যক্ত করেন কৃষি ব্যাংক দেশের জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

‎কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী প্রমুখ।