কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে এক জেলের মৃত্যু হয়েছে।  আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে দ্বীপের হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় দ্বীপের বাসিন্দাদের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  মৃত ব্যক্তি সেন্টমার্টিন পশ্চিমপাড়ার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ছিল কিনা তা নিশ্চিত নয়।  এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তবে স্বাস্থ্য ‍সুরক্ষা বিধিমালা মেনেই তার দাফন প্রক্রিয়া শেষ করা হয়েছে।

তিনি আরও বলেন, দাফন কার্যক্রমে অংশ নেওয়া লোকজন এবং মৃত ব্যক্তির পরিবারেরর সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হবে।  আর আশপাশের বাড়িগুলো লকডাউন করা হবে। পরবর্তীতে তাদের নমুনা সংগ্রহ করে, করোনা পরীক্ষার জন্য কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

তবে মৃত ব্যক্তির মধ্যে করোনার লক্ষণ ছিল না বলে দাবি করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ। তিনি বলেন, ‘দ্বীপে চিকিৎসা নিতে যাওয়ার পথে এক জেলের মৃত্যু হয়েছে। সে মাদক সেবনের কারণে আগে থেকেই অসুস্থ ছিল। তার কোনও করোনা লক্ষণ ছিল না।’

তিনি বলেন, বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। তবে তার পরিবারসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। এ নিয়ে দ্বীপবাসীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।