লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। 

গতকাল সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের মিয়ারহাট মাছঘাট এলাকায় আওয়ামী লীগ নেতা বিএম শাহজালাল রাহুল ও ইউপি সদস্য নজরুল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। 

এ ঘটনায় দুপুরে আওয়ামী লীগ নেতা বিএম শাহজালাল রাহুলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় রাহুলের অনুসারীরা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে বলে জানা গেছে। আটক রাহুল দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আটক অন্যরা হলেন রাহুলের অনুসারী রাকিব হোসেন, মিনহাজুল ও সুমন হোসেন। বাকি একজনের নাম জানা যায়নি। নিহত কিশোর রাসেল চরকাছিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে। সে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলামের ভাতিজা। 

নিহতের স্বজনরা জানান, সকালে রাসেল ও তার বাবা মনির চর থেকে মিয়ারহাট ঘাটে আসেন। এ সময় ঘাটে রাহুলের অনুসারী ফারুক ক্বারীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় রাহুলের অন্য অনুসারী রাকিব হোসেন, মিনহাজুল ও সুমন জড়ো হন। হঠাৎ রাকিব ছুরি দিয়ে রাসেলের পেটে আঘাত করেন। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রাসেল মারা যায়। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে রাহুলসহ পাঁচজনকে আটক করে পুলিশ। এ সময় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পুলিশের হাত থেকে রাহুলকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন তার অনুসারীরা। 

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) হাসান আখন জাহাঙ্গীর বলেন, ‘‌খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়। সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাহুল ও নজরুল গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে।