চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকোপার্কের ভেতরে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া শিশুটির শ্বাসনালি কেটে গেছে। শিশুটির উন্নত চিকিৎসার জন্য অস্ত্রোপচার করা হয়েছে। তবে শিশুটি শঙ্কামুক্ত থাকলেও কথা বলতে পারছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

তিনি জানান, গত রোববার চট্টগ্রামের সীতাকুণ্ডের ইকোপার্ক গলাকাটা অবস্থায় উদ্ধার শিশুটিকে নাক, কান ও গলা (ইএনটি) ওয়ার্ডে ভর্তি করা হয়। তার অবস্থা বিবেচনা করে রোববার রাতেই অস্ত্রোপচার করা হয়। এতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সোমবার আবার অপারেশন থিয়েটারে নিয়ে ড্রেসিং করা হয়। এরপরই তাকে ওসিসিতে নেয়া হয়। এখন শিশুটি আশঙ্কামুক্ত।

উল্লেখ্য, গত রোববার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতরে পাহাড়ি পথের ধারে শিশুটিকে গলাকাটা অবস্থায় পড়ে দেখতে পেয়ে এক ট্রাকচালক উদ্ধার করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এই ঘটনায় রোববার রাতেই শিশুটির মা সীতাকুণ্ড থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, এই শিশুর ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।