নারায়ণগঞ্জের বন্দর থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ মনজুর আলম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৩। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে জাফর (৩০) নামে অন্য এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে গেছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে বন্দর উপজেলার ঢাকা-বাইপাস সড়কের মদনপুরের আরকে হাসপাতালের সামনে থেকে মাদক বহনকারী পিকআপ তল্লাশি চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মনজুর আলম কক্সবাজার জেলার রামু থানার পশ্চিম মনির ঝিল এলাকার মৃত মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে ও পলাতক আসামি জাফর মিয়া একই এলাকার বলে জানা গেছে।
এ ব্যাপারে র্যাব-৩ সিপিএসসি কোম্পানি টিকাটুলী উপপরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী ও পলাতক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছেন।
থানা সূত্রে জানা গেছে, কক্সবাজার এলাকা থেকে একটি পিকআপ ইয়াবা নিয়ে বন্দর উপজেলার ঢাকা-বাইপাস সড়কের মদনপুরের আরকে হাসপাতালের সামনে অবস্থান নেয়। ওই সময় র্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি তল্লাশি চালিয়ে ১৯ হাজার পিস ইয়াবাসহ মনজুর আলমকে গ্রেফতার করে।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে আদালতে পাঠানো হলে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।










