ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীসহ সারা দেশ। এরই জের ধরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনে অগ্নিসংযোগ ও ভাংচুর চালিয়েছে একদল বিক্ষোভকারী। গতকাল দিনভর সেখানে ভাংচুর চালানো হয়। ভাংচুরের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান বিক্ষোভকারীরা।

গতকাল সরজমিনে দেখা গেছে, বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে ক্ষতিগ্রস্ত ভবনটির অবশিষ্ট অংশ হাতুড়ি দিয়ে ভাঙছেন। জুমার নামাজের পর সেখানে খণ্ড খণ্ড আকারে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে ফের স্লোগান দিয়ে অবশিষ্ট ভবনের অংশ ভাঙতে থাকেন বিক্ষুব্ধ দল। তবে সেখানে নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২-এর বাসভবনের শেষ স্থাপনা রাখতে চান না বিক্ষোভকারীরা। তারা জানান, টানা তিনদিন ভাংচুর কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার মধ্যরাতেই একদল বিক্ষোভকারী ধানমন্ডি ৩২-এর অবশিষ্ট ভবনটিতে আগুন ধরিয়ে দেন। এক্সক্যাভেটর দিয়েও দেয়াল ভাঙতে দেখা যায়। গতকাল সকালে শাহবাগ থেকে আসা একটি বড় মিছিল সেখানে যোগ দিলে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এর আগে হাদির মৃত্যুর খবর পাওয়ার পর শাহবাগে আন্দোলনরতদের একটি দল কাওরান বাজারের দিকে আসে। প্রথমে প্রথম আলো ও পরে তারা ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ করে। আরেকটি দল বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২-এর দিকে যায়।