বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়া মানে হলো রাজনীতিবিদদের অবিশ্বাস করা। স্থানীয় সরকার নির্বাচন আগে করার কারণটা বুঝতে পারছেন না বলেও জানান তিনি।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রথমে আপনাদের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার গঠন করা। তার জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে। পরবর্তী পর্যায়ে সব নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক সরকারের অধীনেও যে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে পারে— এটা দেখার জন্য তো আগে জাতীয় নির্বাচন হতে হবে।

তিনি বলেন, যে মহিলা তার ক্ষমতায় থাকার জন্য ৫ বছরের শিশু আহাদকে হত্যা করতে পারে, যে মহিলা গাজীপুরের ১৪ বছরের একজন শিশুর গায়ে চল্লিশটি গুলি করতে পারে, সেই মহিলা টিকে থাকলে তো আমাদের বাঁচিয়ে রাখার কথা নয়। আমাদেরও তিনি ফাঁসি দিয়ে দিতেন।

তিনি বলেন, শিশুদের আন্দোলন, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের আত্মত্যাগের কারণেই জনগণের মধ্যে গণতন্ত্রের চেতনা জেগে উঠেছে। তিনি দাবি করেন, যদি শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতেন, তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের সম্মান সবই হুমকির মুখে পড়ত।

রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিটি দল তাদের প্রার্থী দেবে, জনগণ ভোট দেবে। যে দল বেশি আসন পাবে, তারা সরকার গঠন করবে। কিন্তু শেখ হাসিনা ১৭ বছর ধরে এই গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করে রেখেছেন।

তিনি দাবি করেন, ড. ইউনূসের প্রধান দায়িত্ব হলো জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া এবং অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করা।

এ সময় আরো বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, মোস্তাক আহমেদ, আকতার হোসেন, তারেক মুন্সি, ডা. জাহিদুল কবির, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, আব্দুল্লাহ আল মামুন, ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।