ঝিনাইদহে পাচারের সময় প্রায় ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল সকালে ঝিনাইদহ সদর উপজেলার সরকারি ভেটেরিনারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রফিকুল চাঁদপুর জেলার হাজীগঞ্জ এলাকার আব্দুল মোমিনের ছেলে।
ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সরকারি ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসায় পুলিশ।
সে সময় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসে তল্লাশি করে রফিকুল ইসলামকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১ কেজি ৪২৫ গ্রাম স্বর্ণালংকার।
এ স্বর্ণালংকার চুয়াডাঙ্গা জেলার বারোবাজার এলাকা থেকে ঢাকার ধোলাইখাল এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
তার বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।










