নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি গুদাম থেকে ১২শ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। চাল মজুদের কাগজপত্র দেখাতে না পারায় গুদামটি সিলগালা করে দেয়া হয়েছে।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে বন্দরের মনদপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গুদামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার।

গুদামটিতে চাল মজুদ করেছেন স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূইয়া। তিনি মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে বন্দর উপজেলার ইউএনও শুক্লা সরকার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে গুদামটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২শ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গোডাউনের লোকজন বলছে, এই চাল তারা ত্রাণ দেয়ার উদ্দেশে মজুদ করেছে। মালিকের সঙ্গে ফোনে কথা হলে তিনিও একই দাবি করেন। আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি। 

এদিকে করোনাভাইরাস মোকাবেলায় বর্তমান লকডাউন পরিস্থিতিতে কৃত্রিম সংকট তৈনি করে অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে এই চাল মজুদ করা হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম।

এ ব্যাপারে আজ বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, চালের মালিক যুবলীগ নেতা জাবেদ ভুঁইয়াকে একদিনের সময় দেয়া হয়েছিল কাগজপত্র দেয়ার জন্য। কিন্তু তিনি এখনো পর্যন্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি।  চাল মজুদের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।