লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি আট লাখ চিংড়ি পোনা জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা-রায়পুর সড়কের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পিকআপ ভর্তি ৩৩ ব্যারেল (ড্রাম) চিংড়ির পোনা জব্দ করা হয়। এ সময় পিকআপ ভ্যানচালক পালিয়ে যান। জব্দকৃত চিংড়ি পোনাগুলোর বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ টাকা বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত চিংড়ির রেণু পোনাগুলো সদর উপজেলার মজুচৌধুরীর হাট ফেরিঘাট এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদী থেকে চিংড়ির পোনা আহরণ করে পিকআপ ভ্যানে করে অন্যত্র পাচার করছিল একটি সংঘবদ্ধ চক্র, এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে পিকআপ ভর্তি ৩৩ ব্যারেল চিংড়ির পোনা জব্দ করা হয়। এ সময় পিকআপচালক পালিয়ে যান। পরে জব্দকৃত পোনাগুলো রাতেই সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। আটক পিকআপ ভ্যানটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।