রাজধানীর মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছোঁড়া ইটের আঘাতে আহত মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফি মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার ভোরে তিনি মারা যান। খবর বিবিসি বাংলা।

কাফরুল থানার ওসি সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আজ সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়। তিনি আরো জানান, ইটের আঘাতে রাফিকে আহতের ঘটনায় হত্যাচেষ্টা মামলা হয়েছিল। এ মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

গত ৯ জুন রাতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রাফি। রাজধানীর পূর্ব শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের আগে ইব্রাহিমপুরে তার চলন্ত মোটরসাইকেলে ইট ছোঁড়া হয়। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ইটের আঘাতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে অচেতন হয়ে যান। এ সময় মোটরসাইকেলটি তার শরীরের ওপর পড়ে থাকে। ইট নিক্ষেপকারী তরুণই পরে আহত রাফিকে মোটরসাইকেলের নিচ থেকে বের করার চেষ্টা করেন। পরে আরো একজন সেখানে গিয়ে মোটরসাইকেলটি সরিয়ে নেন। এক পর্যায়ে আহত রাফিকে একটি অটোরিকশায় তুলে হাসপাতালে নেয়া হয়।