সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬২৬ শিশু এবং নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭১৯।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সে অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরো ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্তের তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৮৫ হাজার ৫০৯।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৬৭ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১২ হাজার ১৩২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যু হয়েছে, তিনি সিলেট বিভাগের। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪০৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ২০০, বরিশালে ১২২ ও সিলেটে ৬৯ জনের সন্ধান পাওয়া গেছে।










