চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন, সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে এবং ফ্যাসিস্টদের হাতে প্রচুর টাকা আছে। যার অপব্যবহার রাউজানে হচ্ছে। সীমান্তের ওপাড়ে বসে দেশের বিভিন্ন জায়গা থেকে দলের নেতাদের সঙ্গে কনফারেন্স লাইনে যোগাযোগ করে টাকা-পয়সা, অস্ত্রসহ নানা সহায়তার বার্তা দেয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেক আইডি ও বিকৃত বার্তা ছড়িয়ে বিভ্রান্তিও তৈরি করা হচ্ছে। এসবের মধ্যেও রাউজানের নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকার গুডস হিলের বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রাউজানে সহিংসতার বিষয়ে তিনি বলেন, মাত্র ৪৮ ঘণ্টা আগে যুবদলের এক কর্মী নেতা নিহত হয়েছেন। সে ক্যান্সারে আক্রান্ত ছিলো এবং চিকিৎসার জন্য সহায়তা করে তাকে ভারতে পাঠানো হয়েছিল। তার ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার দায় শুধু সন্ত্রাসীদের নয়। প্রশাসনের ভেতরেও ফ্যাসিবাদের অনুসারীরা ঘাপটি মেরে আছে। ভুয়া আইডি ও বিকৃত ভয়েস মেসেজ ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একদিকে অস্ত্র উদ্ধার হচ্ছে, অন্যদিকে সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে। হত্যাকাণ্ড ঘটিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সীমান্ত পার হওয়ার ঘটনাও দেখা যাচ্ছে। অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান জোরদারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছি। সন্ত্রাসীদের নির্মুলে চট্টগ্রামজুড়ে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সমন্বিত অভিযানের প্রয়োজন আছে।

মনোনয়ন প্রসঙ্গে তিনি জানান, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২০ তারিখে। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবে। সমগ্র চট্টগ্রামের নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠ হয় সেজন্য প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।