প্রায় নয় বছর দায়িত্ব পালন শেষে পদ ছাড়ছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয়। বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবহিত করেছেন তিনি। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন না পাওয়া পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বে বহাল থাকবেন। তবে তিনি বহুজাতিক এ ব্যাংকটির সঙ্গে তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবন অব্যাহত রাখবেন বলে জানা গেছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে আপাতত অন্য কিছু বিষয়ে মনোযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাসের এজাজ বিজয়। পরবর্তী সময়ে ব্যাংকের ভেতরে তার নতুন দায়িত্ব সম্পর্কে ঘোষণা দেয়া হবে।
তিন দশকের বেশি সময় ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে যুক্ত নাসের এজাজ বিজয় ২০১৭ সালে বাংলাদেশে ব্যাংকটির সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ব্যাংকটি করপোরেট ব্যাংকিং, বৈদেশিক বাণিজ্য, টেকসই অর্থায়ন এবং ডিজিটাল সেবার সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।
নাসের এজাজ বিজয়ের স্থলাভিষিক্ত হিসেবে অন্তর্বর্তীকালীন সিইওর দায়িত্ব পালন করবেন মো. এনামুল হক। বর্তমানে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতৃত্বে এ পরিবর্তনের মধ্য দিয়ে গ্রাহকসেবা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকবে। একই সঙ্গে নাসের এজাজ বিজয় ব্যাংকের বৈশ্বিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তার দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সহায়তা করে যাবেন।










