শিক্ষা ও গবেষণায় যৌথ সহযোগিতা, দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণসহ বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।

সাভারে সিআরপির প্রধান কার্যালয়ে যবিপ্রবির পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও সিআরপির পক্ষে এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভ্যালরি টেইলর সমঝোতা স্মারকে সই করেন।

যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, এ সমঝোতা স্মারক সইয়ের মূল লক্ষ্য হচ্ছে পারস্পরিক সাহায্য-সহযোগিতার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করা। তাছাড়া সিআরপি যেভাবে মানবতার সেবায় এগিয়ে এসেছে, এমওইউর মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই আলোর প্রবেশ ঘটবে বলে আশা করি। এ সময় ভ্যালরি টেইলর বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আমরা উভয়কেই সার্বিক সহযোগিতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিয়ে যাব।

সমাঝোতা স্মারকের মেয়াদ হবে পাঁচ বছর। দুই প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্থতা করেন যবিপ্রবির ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের চেয়ারম্যান ডা. মো. ফিরোজ কবির।

এ সময় উপস্থিত ছিলেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. তানভীর ইসলাম, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, উপরেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক, শাহীন সরকার, ডা. মো. জাহিদ হোসেন এবং সিআরপির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মো. সোহরাব হোসেন, সিআরপির বাংলাদেশ হেলথ প্রফেশন ইনস্টিটিউটের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ওমর আলী সরকার, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওবায়দুল হক প্রমুখ।