লক্ষ্মীপুরের রামগঞ্জে তিন শিশু শিক্ষার্থীর পায়ে শিকল পরিয়ে মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পানপাড়া বাজারের দারুল কোরআন মহিলা ইবতেদায়ি মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক আশেক এলাহী তারেক। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সকালে পানপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শহিদুল ইসলাম ২০১৮ সালে পানপাড়া বাজারে দারুল কোরআন মহিলা মাদ্রাসা চালু করেন। সম্প্রতি কারণে-অকারণে মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র আরমান, জাহেদ ও শহিদুলের পায়ে শিকল পরিয়ে মাদ্রাসার ভেতরে পড়তে বাধ্য করা হয়। বিষয়টি ১১ সেপ্টেম্বর জানাজানি হয়। এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতনের শিকার ছাত্র আরমানের নানি পারভিন আক্তার থানায় মামলা করেন।
পারভিন আক্তার বলেন, আমরা শিশুদের মাদ্রাসায় পাঠাই লেখাপড়ার জন্য। কিন্তু তাদের পায়ে শিকল বেঁধে রাখায় তারা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আমি অভিযুক্তদের বিচার চাই।
তবে মাদ্রাসার সুপার শহিদুল ইসলাম দাবি করেছেন, আমরা ষড়যন্ত্রের শিকার। পাশে একটি নতুন মাদ্রাসা হচ্ছে। এ কারণে একটি পক্ষ অপপ্রচার করছে।










