সরকারের কূটনৈতিক উদ্যোগে আজ রোববার দেশে ফিরলেন ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশী মৎস্যজীবী। বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানা রেখায় ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৪টি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশী মৎস্যজীবীকে গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা একযোগে কাজ করেছে।