দেশে ব্যাংকের শাখাগুলো থেকে আজ বৃহস্পতিবার সর্বোচ্চ ১ লাখ টাকা নগদ উত্তোলন করা যাবে। আর এটিএম বুথ থেকে তোলা যাবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে সকাল থেকে লেনদেনের সর্বোচ্চ এ সীমা মেনে চলছে ব্যাংকগুলো। তবে নগদ নয়, এমন যে কোনো লেনদেনে সর্বোচ্চ কোনো সীমা রাখা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বণিক বার্তাকে জানান, বাংলাদেশ ব্যাংক থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা নগদ উত্তোলনের সীমা বেঁধে দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ কারণে শাখাগুলোতে নগদ টাকা বহন করে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আবার বুথগুলোতেও এ মুহূর্তে বেশি টাকা ঢুকানো সম্ভব নয়। এ জন্য আমরা এটিএম বুথ থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা উত্তোলনের সীমা নির্ধারণ করে দিয়েছি। ব্যাংকগুলো যে যার মত করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে।

মাহবুবুর রহমান বলেন, কোনো গ্রাহক যেন ব্যাংকে টাকা তুলতে এসে খালি হাতে না ফিরে, সে বিষয়ে দেশের সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের জানানো হয়েছে। আজ সন্ধ্যার পরই অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার কথা আছে। নতুন সরকার গঠন হলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। আশা করছি, রোববার থেকে নগদ লেনদেনের  সর্বোচ্চ সীমা নাও থাকতে পারে।