নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক মেডিকেল অফিসারের পরিবারের ১৮ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিবারটি সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় বসবাস করে। তবে ওই মেডিকেল অফিসার করোনায় আক্রান্ত হননি। তার পরিবারের সদস্যরা কীভাবে আক্রান্ত হলেন তা এখনো নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। 

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা করোনা বিষয়ক ফোকাল পার্সন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসারের (৩০) পরিবারের ১৮ জন সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার পর গতকাল সোমববার প্রাপ্ত রিপোর্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

স্থানীয়রা জানান, প্রথমে ওই মেডিকেল অফিসারের ভাইয়ের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর সন্দেহ হলে পরিবারের অন্য সদস্যদেরও নমুনা পরীক্ষার জন্য ঢাকায় আইইডসিআরে পাঠানো হয়। সোমবার প্রাপ্ত রিপোর্টে ১৬ জনের পজেটিভ আসে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ওই মেডিকেল অফিসারের শরীরে করোনা পজেটিভ আসেনি। তবে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য ও বাড়ির আশপাশে থাকা নিকটাত্মীয়দের মধ্যে ১৮ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ এসেছে। 

সিভিল সার্জন বলেন, নমুনা পরীক্ষায় পজেটিভ এলেও আক্রান্তদের মধ্যে করোনার কোনো ধরনের উপসর্গ নেই। শারীরিক অবস্থাও মোটামুটি ভালো। তারা সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।