কক্সবাজারের মহেশখালীতে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম রুহুল কাদের রুবেল। তিনি কালারমার ছড়ার ফকিরজুম গ্রামের মোহাম্মদ আমিনের পুত্র এবং বঙ্গবন্ধু মানবকল্যাণ পরিষদের মহেশখালী উপজেলা সভাপতি বলে স্থানীয়রা জানান।
সোমবার রাত সাড়ে ১০টার দিক ফকিরজুম বাজারের পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিএনজি করে একদল মুখোশ পরিহিত দুর্বৃত্ত রাত সাড়ে ১০টার দিক ফকিরজুম বাজারের পাশে রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হাই জানিয়েছেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছেন।









