সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে আটকে পড়া ৩ শতাধিক পর্যটক তিনদিন পর টেকনাফে ফিরেছেন। মঙ্গলবার সকাল থেকে ৮টি সার্ভিস বোটে ৪৫ জন করে পর্যটক উপজেলার জেটি ঘাটে পৌঁছান।
জানা গেছে, পর্যটকদের ফিরিয়ে আনতে সকাল সাড়ে ১০ থেকে সার্ভিস বোটগুলো সেন্টমার্টিন থেকে যাত্রা করে দুপুর ১টার দিকে টেকনাফের কায়ুকখালী ঘাটে পৌঁছায়। এর আগে গত শুক্রবার ও শনিবার সেন্টমার্টিনে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়েন এসব পর্যটক।
সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের মেম্বার হাবিবুর রহমান হাবিব এসব তথ্য নিশ্চিত করে বলেন, দ্বীপে থাকাকালীন পরিষদের পক্ষ থেকে পর্যটকদের দেখভাল করা হয়। কোনো সমস্যা ছাড়া তারা কক্সবাজার-টেকনাফ হয়ে বাড়ি ফিরতে পারবেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, আবহাওয়া-সংক্রান্ত সতর্কতা সংকেত কেটে যাওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সার্ভিস বোট করে পর্যটকদে ফিরিয়ে আনা হয়। বড় জাহাজ ছাড়া ও প্রশাসনের অনুমতিবিহীন নিরাপত্তা ছাড়া পর্যটকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন তিনি।









