মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট, পাঁচটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট ও পাচারচক্রের ৫২ সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে টহল পরিচালনার সময় সেন্টমার্টিনের অদূরে সন্দেহজনক দুটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোটের গতিবিধি নজরে আসে নৌবাহিনীর। পরে বোট দুটি আটক করে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় পাচারচক্রের ২২ সদস্যকে আটক করা হয়।
এতে আরো বলা হয়েছে, আটক হওয়া বোট দুটির নাম ‘এফবি মা নুর জাহান’ ও ‘এফবি হোমাইয়ারা’। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন।
আটক মাঝিদের দেয়া তথ্যের ভিত্তিতে ‘এফবি মা জননী-১’, ‘এফবি আশরাফুল ইসলাম সায়াদ’ ও ‘এফবি হাজি বসিরুল্লাহ’ নামে আরো তিনটি ফিশিং বোটের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে বিশেষ অভিযান চালিয়ে ওই তিনটি বোট এবং পাচারচক্রের আরো ৩০ সদস্যকে আটক করে নৌবাহিনী।
অভিযান শেষে উদ্ধার হওয়া সিমেন্ট, ফিশিং বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মানবপাচার, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।










