নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল (শান্তিনগর) দেওভোগ এলাকাসহ বিভিন্ন এলাকায় শুক্রবার সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে ১৬টি মামলার পলাতক আসামি সালাউদ্দিন ওরফে সালুকে (২৭) অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সালু ফতুল্লার পশ্চিম ভোলাইল এলাকার সফর আলীর ছেলে।

গতকাল দুপুরে পুলিশ সুপারের কার্যালয় জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার আরো জানান, একটি শার্টারগান, ৪ রাউন্ড গুলি ও ২০ পোটলা হেরোইনসহ সালুকে গ্রেফতার করতে সক্ষম হই। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাসহ বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজি, বিস্ফোরক, অস্ত্র আইন, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও ডাকাতিসহ ১৬ মামলা রয়েছে। পুলিশ সুপার আরো বলেন, সন্ত্রাসী সালু ফতুল্লার দেওভোগ (বাঁশমুলি), ভোলাইল (শান্তিনগর) ও আশপাশ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। তিনি স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের পৃষ্ঠপোষকতা করে আসছিলেন।

 মাদক কারবারের সঙ্গে তিনি  সরাসরি জড়িত। শুক্রবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা সালাউদ্দিন ওরফে সালুকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।