লক্ষ্মীপুরে মাটি কাটার সময় বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার একাংশ) পাওয়া গেছে। সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামে ইটভাটার জন্য একটি খেতে গত বৃহস্পতিবার বিকালে মাটি কাটার সময় এটি পাওয়া যায়। এ নিয়ে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে বিশেষ কৌতূহল। যদিও মা ব্রিকসের কর্মকর্তা মুরাদ হোসেন উদ্ধার হওয়া সেই ধ্বংসাবশেষ ১ হাজার ৬০০ টাকায় ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন বলে তিনি নিজেই জানিয়েছেন। অন্যদিকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষটি ইতিহাসের সাক্ষী বলে মনে করছে সচেতন মহল।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ও আফজাল হোসেন জানান, উদ্ধার হওয়া হেলিকপ্টারের পাখাটি তারা দেখেছেন। রোটারসহ পাখার একাংশ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে ইটভাটার জন্য মাটি কাটার সময় এটি উদ্ধার হয়। পাখাটি ব্রিটিশ আমল কিংবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে বলে ধারণা করছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে মা ব্রিকসের স্বত্বাধিকারী খোরশেদ আলম সুমন বলেন, ‘আমি বর্তমানে ঢাকাতে আছি। তবে উদ্ধার হওয়া পাখাটি আমাদের হেফাজতে আছে। পরে এটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেব।’

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল বলেন, ‘উদ্ধার হওয়া পাখাটি আমি ফেসবুকে দেখেছি। এটি ব্রিটিশ আমলের হতে পারে।’

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাকে জানায়নি। তবে খোঁজ-খবর নেয়া হচ্ছে।’ লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, ‘ঘটনাটি আমি জেনেছি। থানার ওসিকে হেলিকপ্টারের পাখাটি উদ্ধারের জন্য বলা হবে। দ্রুত সময়ের মধ্যেই এটি উদ্ধার করা হবে।’