ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলায়  প্রতিপক্ষের লাঠির আঘাতে এলাহী মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাহী মিয়া ওই উপজেলার মায়ারামপুর গ্রামের বজলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মানিকপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের দুই ছেলে নাজির হোসেন ও আমির হোসেনের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে এ নিয়ে অনুষ্ঠিত শালিস বৈঠকে অংশ নিতে মানিকপুরে আসেন আমির হোসেনের শ্যালক এলাহী মিয়া। এ সময় নাজিরের চাচাতো ভাইয়ের ছেলে মেহেদী হাসান লাঠি দিয়ে এলাহীর মাথায় আঘাত করেন।  বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ জানান, মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ। নিহতের বোন পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।