মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি-ঘর করতে পারেন, সেই লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। আজ ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, অনেক বছর এ প্রকল্পের আশানুরূপ অগ্রগতি ছিল না। ঝিলমিল আবাসিক প্রকল্প অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল ও ইটিপি সেন্টার নির্মাণের কাজ চলমান আছে। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে। এ প্রকল্প এলাকা আলোকিত করার জন্য স্ট্রিট লাইট ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ঝিলমিল প্রকল্প এলাকায় থানা স্থাপনের কাজ চলমান আছে। এ সময় তিনি প্রকল্পে নির্মাণাধীন স্কুল, হাসপাতাল, থানা ভবন এলাকা ঘুরে দেখেন। প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো. আমিনুর রহমান এ প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: রিয়াজুল ইসলাম, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: উমর ফারুক, চিফ টাউন প্লানার মো: আশরাফুল ইসলামসহ রাজউকের আরো কর্মকর্তাবৃন্দ ও প্লট বরাদ্দপ্রাপ্তরা।










