কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
নিহতদের মধ্যে দুজন শিশু, দুজন নারী ও তিনজন পুরুষ। তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্তত ১১ হাজার রোহিঙ্গা পরিবারের ঘর পুড়ে গেছে। একইভাবে পুড়ে গেছে স্থানীয়দের শতাধিক বসতবাড়িও। এছাড়া পুড়ে গেছে দেশী-বিদেশী বিভিন্ন এনজিও অফিস ও পুলিশ ব্যারাক।
সূত্রমতে, সোমবার বিকাল ৪টার দিকে উখিয়ার বালুখালী ৮-ই ও ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় হাজার হাজার রোহিঙ্গা বালুখালী কাসেম মিয়া উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেয়। আশ্রয় নেয়া এসব রোহিঙ্গাদের অনেকের স্বজন নিখোঁজ রয়েছে। এছাড়া স্থানীয় বাংলাদেশী অন্তত দেড় শতাধিক পরিবারের বসতি পুড়ে গেছে।









