কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র মাহবুবুর রহমানের ওপর হামলার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার। সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে বিক্ষুব্ধ মানুষ। এ ঘটনার প্রতিবাদে ধর্মঘট আহ্বান করেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ট্রাফিক পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে শহরে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন টমটম চালকরা। গতকাল ভোর সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে পৌরবাসী।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভার পক্ষে লাইন্সেনবিহীন ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চলাচলে কড়াকাড়ি আরোপ করা হয়। এতে বেশকিছু লাইসেন্সবিহীন টমটম জব্দ করা হয়। এর জের ধরে টমটম মালিক সমিতির নেতা রুহুল কাদের মানিকের নেতৃত্বে ২০-৩০ জন টমটম চালক পৌরসভার গেটের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুর রহমান তাদের সরে যেতে বলেন। কিন্তু বিক্ষোভকারী টমটম চালকরা বিক্ষোভ অব্যাহত রাখলে মাহবুবুর রহমান তাদের ওপর চড়াও হন। ওই সময় উত্তেজিত শ্রমিকরা রুহুল কাদের মানিকের নেতৃত্বে প্যানেল মেয়রের ওপর হামলা চালান। এতে মাহাবুব আহত হন।
এদিকে অবরোধ পালনকারী টমটম চালকরা জানান, কক্সবাজার পৌরসভা নতুন করে ৫০০ টমটমের লাইসেন্স দিয়েছে। লাইসেন্স প্রতি নেয়া হয় ৮০ হাজার থেকে দেড় লাখ টাকা। পৌরসভার দেয়া এসব লাইসেন্স জেলা প্রশাসক ও ট্রাফিক পুলিশের অনুমোদন না থাকার অভিযোগে ধরপাকড় শুরু হয়।









