নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাথরবোঝাই বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে শীতলক্ষ্যায় নিখোঁজ স্কুলছাত্রী ওশানা আক্তারের (১২) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ৷। নিখোঁজের দুই দিন পর গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বানিয়াদী স্লুইস গেট থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ইছাপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুব আলম।৷

ওশানা সোনারগাঁ উপজেলার পেরাব এলাকার আবু সাঈদের মেয়ে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল ওশানা। নৌ-পুলিশের এসআই মাহবুব আলম জানান, বুধবার বেলা আড়াইটার দিকে বানিয়াদী ঘাট থেকে শীতলক্ষ্যা পার হওয়ার সময় পাথরবোঝাই একটি বাল্কহেড খেয়ানৌকায় ধাক্কায় দেয়। এতে তাৎক্ষণিক নৌকাটি ডুবে যায়। এ সময় মাঝিসহ নয়জনকে স্থানীয় মাঝিরা উদ্ধার করতে পারলেও ডুবে নিখোঁজ হয় শিশু ওশানা।