কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে সাব রেজিস্ট্রার ও নকল নবিশকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ঘুষ লেনদেনের ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে চকরিয়া সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চকরিয়ার সাব রেজিস্ট্রার মো. নাহিদুজ্জামান (৩১) ও নকল নবিশ দুর্জয় কান্তি পাল (৩৮)। অভিযানের সময় আরেক অভিযুক্ত অফিস সহকারী শ্যামল বড়ুয়া পালিয়ে গেছেন। অভিযানে ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। এর মধ্যে সাব রেজিস্ট্রার নাহিদুজ্জামানের ব্যবহূত স্টিলের লকার থেকে ১ লাখ ৯২ হাজার ৫৫০ টাকা, দুর্জয় কান্তি পালের ড্রয়ার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ও শ্যামল বড়ুয়ার ড্রয়ার থেকে ২ লাখ ৮৯ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়।