কক্সবাজারে এক স্কুল শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার প্রধান আসামি বেদার মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন এবং গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন।

গ্রেফতারকৃত আসমিরা হলেন- কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের বেদার মিয়া (২৮), একই ইউনিয়নের মোস্তাক মিয়া (২৪) এবং মো. বেলাল উদ্দিন (২২)।

র‌্যাব জানায়- গত বৃহস্পতিবার রাতে পিএমখালীতে একটি পারিবারিক অনুষ্ঠানে ভিকটিম নারীর সঙ্গে পরিচয় হয় বেদার মিয়ার। পরবর্তীতে সে আরো তিন সহযোগীসহ ভিকটিমকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের চাঁন্দেরপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ওই ঘটনার প্রেক্ষিতে গত সোমবার রাতে ওই নারী নিজে বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের কথা স্বীকার করেছে।

মামলায় বেদার মিয়াসহ তিনজন এবং অজ্ঞাত আরো একজনকে আসামি করা হয়। আসামিদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।