ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে ডাকাতি
চক্রের ‘মুলহোতা’সহ আটজনকে আটক করেছে র্যাব। ওই সময় তারা র্যাবের গাড়িতে ডাকাতির চেষ্টা করছিল। আটকদের কাছে দেশীয়
অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
আজ শুক্রবার (১৭ মার্চ) দুপুরে আদমজী কার্যালয়ে
এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে অবহিত করেন র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মনিরুল আলম।
তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব-১১
এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাদা পোশাকে টহল দিচ্ছিল। দলটি মুন্সীগঞ্জের গজারিয়া
থানার চর বাউসিয়া এলাকায় যানজটে আটকা পড়ে।
এ সময় সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে ১০-১২
জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘেরাও করে। র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে ধাওয়া
দিয়ে ডাকাত দলের মূলহোতাসহ আটজনকে গ্রেফতার করে।
র্যাব জানায়, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে
নিজেদের সংঘবদ্ধ ডাকাত দল বলে স্বীকার করেছে। তারা গত দুই বছরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে
অর্ধ শতাধিক পরিবহনে লুট করেছে। ডাকাতরা বিভিন্ন উপায়ে গাড়ি থামাত। এরপর অস্ত্র ঠেকিয়ে
টাকা, স্বর্ণালংকার কেড়ে নিত। বাধা দিলে কুপিয়ে হত্যা করত।









