রাজধানীর রামপুরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ‘টেক্সাস ড্রেসেস লিমিটেড' নামে পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার দুপুরে এ বিক্ষোভ শুরু হয়। এতে রামপুরা সড়কের এক পাশ দিয়ে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

​শ্রমিকরা জানান, ​শ্রম আইন অমান্য করে কোনো পূর্ব নোটিশ বা বকেয়া পাওনা পরিশোধ ছাড়াই হঠাৎ করে ১৪৭ জন শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা।

তাদের দাবি, ছাঁটাই হওয়া শ্রমিকদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করতে হবে। আন্দোলন দমাতে পুলিশ বা বহিরাগতদের দিয়ে কোনো মামলা, হামলা বা হয়রানি করা যাবে না।

তারা আরো দাবি করেন, কারখানার পূর্ববর্তী স্বাভাবিক নিয়ম ও শৃঙ্খলা বজায় রেখে উৎপাদন কার্যক্রম চালাতে হবে। কারখানার অভ্যন্তরে নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে ও প্রত্যেক শ্রমিকের চাকরির আইনি ও স্থায়ী নিশ্চয়তা দিতে হবে।

​মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশীদ জানান, প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর বর্তমানে রামপুরা সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সমস্যা সমাধানে শ্রমিকদের একটি প্রতিনিধিদল শ্রম অধিদপ্তরে আলোচনা করছে।