এবার খুলনায় করোনা পজিটিভ শনাক্ত হলেন খুলনা মেডিকেল কলেজ চিকিৎসক। আজ শনিবার খুমেক ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সেকেন্দার।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় ওই চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসে। শুক্রবার চিকিৎসক নিজেই নমুনা পরীক্ষার জন্য দেন। তিনি খুমেক আবাসিকের ব্যাচেলর কোয়ার্টারে থাকেন।
করোনা পজিটিভ হওয়ার পর ওই চিকিৎসককে কোয়ার্টারেই রাখা হয়েছে বলে জানান তিনি। এই চিকিৎসক খুলনার দ্বিতীয় করোনা পজিটিভ। এর আগে গত ১৩ এপ্রিল খুলনায় একজন করোনা পজিটিভ শনাক্ত হন।










