প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছে এ সভা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের শেষ মাসের এ একনেকে ৮ হাজার ১০৬ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদনের জন্যে উপস্থাপন হবে। এর মধ্যে ৬টি নতুন প্রকল্প, ৪টি সংশোধিত প্রকল্প ও ২টির মেয়াদবৃদ্ধির জন্য তোলা হতে পারে।
এসব প্রকল্পের অন্যতম সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)। চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নামে পরিচিত এ প্রকল্পের অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি ৪৬ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে এক লাখ কর্মসংস্থান ও ৫০ কোটি ডলারের বিদেশী বিনিয়োগের আশা করা হচ্ছে।
এছাড়া শিশু স্বাস্থ্য সুরক্ষা আরো শক্তিশালী করতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২ নামে নতুন প্রকল্প প্রস্তাব উঠছে একনেকে। শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নে নেয়া এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি টাকা।
একনেকে উপস্থাপনের আলোচ্য সূচিতে আরো রয়েছে সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক প্রকল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (তৃতীয় সংশোধিত) প্রকল্প, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউজ এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এ লিফট সংযোজন প্রকল্প।
আরো রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঢাকা সিএমএইচ এ ক্যান্সার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়) (প্রথম সংশোধন) প্রকল্প, শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (তৃতীয় সংশোধন) প্রকল্প এবং দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (তৃতীয় সংশোধিত) প্রকল্প ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (প্রথমম সংশোধিত) প্রকল্প।
এছাড়া সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক এরই মধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ৬টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হবে। সেগুলো হলো বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনকরণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প, নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজল্যকরণ, ঢাকা সেনানিবাস এমইএস ট্রেনিং সেলের অবকাঠামো সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প, এক্সেলা অ্যাক্সেলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ (ফেজ-টু) প্রকল্প এবং পাইকগাছা কৃষি কলেজ স্থাপন, খুলনা (দ্বিতীয় সংশোধন) প্রকল্প।










