লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ বাব আল-মান্দেব প্রণালি ও এর মধ্যবর্তী পেরিম দ্বীপের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৌদি সমর্থিত সরকারি বাহিনী স্থানটি থেকে পিছু হটার পর এখন হুথি যোদ্ধারা প্রণালির উপকূলীয় অঞ্চল ও দ্বীপে অবস্থান করছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অত্যন্ত সংবেদনশীল এই রুট এখন সম্পূর্ণভাবে হুথিদের অধীনে চলে গেল। খবর রয়টার্স ও ইউরোনিউজ।

গত সপ্তাহ থেকে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শুরু করে হুথিরা। একের পর এক জয়ের ধারাবাহিকতায় তারা প্রণালিটির উপকূলবর্তী পুরো এলাকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়। হুথিদের এ অগ্রযাত্রার মুখে সৌদি সামরিক জোট পাল্টা বিমান হামলা জোরদার করেছে। হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের তথ্যমতে, দেশটির মোখা বিমানবন্দরেও সৌদি জোট দুটি বিমান হামলা চালিয়েছে। তবে এসব হামলা হুথিদের সামনে এগিয়ে যাওয়া ঠেকাতে পারেনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাত এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ করার খবরের পর ইয়েমেনের এ যুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। লোহিত সাগর হয়ে সুয়েজ খালের মাধ্যমে এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য বজায় রাখার ক্ষেত্রে বাব আল-মান্দেব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বিশ্বের অন্যতম তেল রফতানিকারক দেশ সৌদি আরবের জন্য এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হুথিদের এ দখলের পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত খনিজ তেলের দাম (ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই) ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে।

এদিকে এক সপ্তাহ ধরে চলা সংঘাতের ফলে অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই যোদ্ধা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মতে, যুদ্ধের তীব্রতায় প্রায় ২০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। মোখা বন্দরনগরী থেকে পালিয়ে আসা বাসিন্দারা পরিস্থিতিকে ‘প্রলয়ংকরী’ বলে বর্ণনা করেছেন এবং পথে ডাকাতদের হামলার খবরও পাওয়া গেছে।

পরিস্থিতি পর্যালোচনা করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক আহ্বান করেছে। ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ সতর্ক করে দিয়ে বলেছেন, এ সংঘাত আঞ্চলিক আরো বড় বিপর্যয় ডেকে আনতে পারে। যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদকে হুতিদের হামলা বন্ধ করে অবিলম্বে শান্তির পথে ফিরে আসার বার্তা দেয়ার আহ্বান জানিয়েছে।