নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) শো-রুমে বিস্ফোরণে দগ্ধ কামাল পাশা টিটু (৪৮) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

নিহত কামাল পাশা ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল এলাকার বাসিন্দা। তিনি ওই শো-রুমের ম্যানেজার ছিলেন বলে জানান স্বজনরা। এর আগে গত মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর শেখ নামের এক কিশোর। সাগর মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির পাঁচগাঁও এলাকার মো. আলমগীরের ছেলে। 

গত ২৯ জুলাই সকাল সোয়া ৯টার দিকে ভোলাইল এলাকায় ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ‘মুসকান মোটরস্’ নামে একটি ইজিবাইকের শো-রুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ওই শো-রুমের পাশের দুটি ভবনের দেয়ালও ধসে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত সাগর ও কামাল দুজনই ওই শো-রুমের কর্মচারী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।