বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়া দেশের জন্য সবচেয়ে বড় যে বিষয়টি রেখে গেছেন, তা হলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব। তিনি আমাদের সৌহার্দপূর্ণ দেশপ্রেম শিখিয়েছেন এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে সাহস নিয়ে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছেন।

তিনি বলেন, আমরা বারবার জেলে গেছি, নির্যাতিত হয়েছি, কিন্তু সাহস হারাইনি। এ সাহস আমরা দেশনেত্রী বেগম জিয়ার কাছ থেকেই শিখেছি। তিনি কখনো নিজের স্বার্থে বা গণতন্ত্রের প্রশ্নে আপস করেননি। আধিপত্যবাদীদের বিরুদ্ধে তিনি সবসময় দৃঢ় অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর ৩০ নম্বর ওয়ার্ড পূর্ব মাদারবাড়ী বিএনপির অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম সাইফুল আলম, শওকত আজম খাজা, শিহাবুদ্দিন মুবিনসহ অনান্যরা উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, যারা দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে, দুর্নীতির মাধ্যমে নিজের স্বার্থ রক্ষা করেছে, তারা আজ রাজনীতি থেকে হারিয়ে গেছে। এরশাদের সঙ্গে অনেকে সমঝোতা করেছে, ১/১১ সরকারের সঙ্গেও অনেকে আপস করেছে। কিন্তু খালেদা জিয়া ও বিএনপি কখনো আপস করেনি। এ কারণেই বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় দল, যে দল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান নতুন রাজনৈতিক চিন্তার দৃষ্টান্ত দেখিয়েছেন। তিনি বাসে করে চলাচল করেছেন, সাধারণ মানুষের মতো হাত নেড়েছেন। সিগন্যাল লাইটে গাড়ি থামিয়ে বলেছেন, সবাই দাঁড়ালে আমি কেন দাঁড়াব না? এ মানসিকতাই নতুন রাজনীতি। ক্ষমতাবান হওয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে জনসাধারণের সুবিধাকে অগ্রাধিকার দিতে হবে। দেশের মানুষই একমাত্র ক্ষমতার মালিক।