বিদেশী প্রভুদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে পতিত স্বৈরাচার ব্যর্থ করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। স্বৈরাচার এরশাদ পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ অনুষ্ঠানের আয়োজন করে ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য।
তিনি বলেন, আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি করছে, সে চেষ্টাগুলো যে তারা করছে- আপনারা সবাই তা টের পাচ্ছেন। আজকে আমরা দেখছি- ষড়যন্ত্র চলছে। আগের যে সরকার- স্বৈরাচার, ফ্যাসিস্ট চিহ্নিতরা এ ষড়যন্ত্র করছে। আমাদের এখানে হিন্দু সম্প্রদায় তারা কী শুধু গত তিন মাস যাবৎ বসবাস করে? যারা আমাদের স্বাধিকার আন্দোলন থেকে এখন পর্যন্ত অত্যন্ত সম্প্রীতির মধ্য দিয়ে এ বাংলাদেশে বাস করেছে।
খন্দকার মোশাররফ বলেন, আজকে ভারত থেকে শুরু করে আমাদের এখানের কিছু হিন্দু সম্প্রদায়ের কিছু লোক কেন এই ধরনের সমস্যা সৃষ্টি করছে? সারা বিশ্বে বাংলাদেশের বদনাম করছে, আমাদের মানহানি করছে? এর একটাই উদ্দেশ্য- এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা। এ অন্তর্বর্তীকালীন সরকার যাতে করে ব্যর্থ হয়, সেজন্য যত রকমের সমস্যা তারা করছে- তারা করবে।
তিনি বলেন, আমরা যারা জাতীয়তাবাদী গণতান্ত্রিক দেশাত্মবোধে বিশ্বাসী, আমরা যারা স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা নিজের পায়ে দাঁড়িয়ে উন্নতির দিকে যেতে চাই- তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে।










