ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, চিকিৎসা পরিমণ্ডলে উচ্চমানের শিক্ষা ও অর্থবোধক গবেষণার সমন্বয় স্বাস্থ্যখাতের ভবিষ্যৎ গঠনে অপরিহার্য। গবেষণা ভিত্তিক শিক্ষা একদিকে একাডেমিক উৎকর্ষ বাড়ায়, অন্যদিকে চিকিৎসক ও শিক্ষকদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা ও অভিযোজিত দক্ষতা তৈরি করে, যা উদীয়মান স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামে চতুর্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গবেষণা এবং চিকিৎসা শিক্ষা: উদ্ভাবনকে অনুপ্রাণিতকরণ ও বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিতকরণ’ শীর্ষক প্রতিপাদ্যে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের যৌথ উদ্যোগে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সম্মেলনে কানাডা, তুরস্ক, থাইল্যান্ড ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে সাত শতাধিক চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক অংশ নেন এবং চিকিৎসা বিষয়ক ৭০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়।
ধর্ম উপদেষ্টা বলেন, শিক্ষক, চিকিৎসক ও গবেষকদের একত্রিত করে এ ধরনের সম্মেলন গঠনমূলক আলোচনা, উদ্ভাবনী ধারণা বিনিময় এবং সহযোগিতামূলক গবেষণার সুযোগ সৃষ্টি করে, যা ক্লিনিক্যাল অনুশীলন, একাডেমিক উৎকর্ষ ও রোগীসেবার মানোন্নয়নে সহায়ক। এ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য তিন মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
সম্মেলনের চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফায়েজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টির সাবেক ডীন অধ্যাপক মো. আমির হোসেনসহ অনান্যরা উপস্থিত ছিলেন।










