চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় ওই ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, হালিশহরের মৌসুমি আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯টা ২৫ মিনিটের দিকে খবর পেলে সেখানে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। আগুনের ভয়াবহতা কিছুটা কমানো সম্ভব হয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগবে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসলে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারবো।










