নাটোর সদর উপজেলা খাদ্য গুদামে পচা ও নিম্নমানের চাল প্রবেশ করানোর সময় আওয়ামী লীগ নেতা বেলালুজ্জামান বেলুর ৫৯১ বস্তা চালসহ ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে গোপনে ট্রাক থেকে চাল নামানোর সময় এসব পচা ও নিম্নমানের চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন।

পুলিশ ও খাদ্য গুদাম কর্মকর্তারা জানান, নাটোর পৌরসভার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলালুজ্জামান বেলু সদর উপজেলার মেসার্স রহমান চালকল, মেসার্স তৈয়ব চালকল ও মেসার্স মান্নান চালকল নামে তিনজন মিলারের নাম করে সিরাজগঞ্জের কামারখন্দ এলাকা থেকে একটি ট্রাকে ৫৯১ বস্তা চাল নিয়ে খাদ্য গুদামে আসেন।

সকালে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মফিজ উদ্দিনের তত্ত্বাবধানে শ্রমিকরা গুদামে ১৭৫ বস্তা পচা ও নিম্নমানের চাল রাখেন। এ সময় একটি গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যম কর্মীরা বিষয়টি প্রশাসনকে অবগত করেন। পরে নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন গিয়ে পচা ও নিম্নমানের চাল জব্দ করেন। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্র লাল চাকমা, নাটোর সদর থানার ওসি তদন্ত আব্দুল মতিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নাটোর সদর উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম  কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, আমরা সব বস্তা চেক করার পর গুদামে প্রবেশ করাই। আজও (গতকাল) সে কাজটিই করছিলাম। তাহলে কীভাবে ১৭৫ বস্তা পচা ও নিম্নমানের চাল গুদামে ঢুকল এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পচা ও নিম্নমানের চাল গুদামে প্রবেশ করানোর সত্যতা মিলেছে। তদন্তসাপেক্ষে খাদ্য গুদাম কর্মকর্তা এবং ব্যবসায়ীরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত চাল ব্যবসায়ী বেলালুজ্জামান বেলুর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।