তফসিলকে স্বাগত জানিয়ে নির্বাচনের মাধ্যমে ২০২৪ সালের ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে বলেও প্রত্যাশা দলটির।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘তফসিলকে আমরা মোবারকবাদ ও স্বাগত জানাচ্ছি। এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটি কেটে যাবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুন্দর, সুষ্ঠু ধারায় জাতি এগিয়ে যাবে। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে। জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ করার জন্য অনেকগুলো গুরুদায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। সেসব বিষয় নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি। আশা করব সেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। বিশেষ করে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা ও জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিকসহ অন্যান্য দায়িত্ব পালনে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তারা তৈরি করবে।’










