খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) রেস্ট হাউসে গুদামজাত করে রাখা ত্রাণ সামগ্রীর প্যাকেটের পেঁয়াজ ও আলুতে পচন ধরেছে। এতে প্রায় আড়াই মণ পেঁয়াজ ও আলু নষ্ট হয়েছে।

কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক এ ব্যাপারে আজ বৃহস্পতিবার বলেন, কয়েকজন শুভাকাঙ্ক্ষী তার নিজের তহবিলে কিছু ত্রাণ সরবরাহ করেছিলেন। সেগুলো প্যাকেট করে হাজী মহসিন রোডের রেস্ট হাউজে সংরক্ষণ করা হয়েছিল। কিছু পণ্যে পচন ধরার কারণে তা কর্পোরেশনের লোক দিয়ে এরই মধ্যে সরিয়ে ফেলা হয়েছে। পচে যাওয়া জিনিসের পরিমাণ দু’আড়াই মণ হবে।

জানা গেছে, মেয়রের ব্যক্তিগত তহবিলের ত্রাণের খাদ্যসামগ্রী দীর্ঘদিন প্যাকেটজাত করে গুদামে রাখার কারণেই পচন ধরেছে। পেঁয়াজ ও আলু পচে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন আজ কেসিসিতে জানান। এরপরই কর্পোরেশনের লোকজন সেখানে যান এবং পচে যাওয়া পেঁয়াজ ও আলু সরিয়ে ফেলেন।

ত্রাণের পচা আলু ও পেঁয়াজ আজ সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন কেসিসির ভাণ্ডার শাখার স্টোর কিপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।