আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। পৃথিবীর অন্য সব দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে হবে। আমাদের সংবিধানে সেভাবে বলা আছে।
গতকাল দীর্ঘ দুই যুগ পর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলন উপলক্ষে নগরীর ইসদাইরে ওসমানী পৌর স্টেডিয়ামে নৌকার আদলে মঞ্চ তৈরি করা হয়।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, (তত্ত্বাবধায়ক সরকার) উচ্চ আদালত বাদ দিয়েছে। দুনিয়ার কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকার নেই। অন্য যেকোনো দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়, আমাদের সংবিধানেও সেভাবে নির্বাচনের কথা বলা আছে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। সব ধরনের সহযোগিতা করবে।
বিএনপির জনসভায় লোকসমাগমের প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, আপনারা লাখো লোকের জনসভার কথা বলেন। আরে লাখ লোক আমাদেরই। লাখ লোক আপনাদের সঙ্গে নেই। এই লাখো লোক নিয়ে অ্যাকশন হবে, খেলা হবে। ডিসেম্বরে বিজয়ের মাস। ডিসেম্বরে জনতার সমুদ্রের গর্জনধ্বনি শুনতে পারবেন। ফখরুল সাহেব, কান পেতে শুনতে থাকুন। কাপুরুষের মতো আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে। কে সে? হাওয়া ভবনের সেই যুবরাজ। খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে। সেই লুটপাটের বিরুদ্ধে খেলা হবে।
জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষ পর্যায়ে আগের কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলকে পুনর্বহাল রাখার ঘোষণা দেন ওবায়দুল কাদের।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে একসঙ্গে দেখে স্বস্তি প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শামীম ফাইটার পলিটিশিয়ান। তার সঙ্গে নারায়ণগঞ্জে পরপর দুবার নির্বাচিত জনমানুষের মেয়র সেলিনা হায়াৎ আইভী। এ সভায় দুজন এসেছেন, একই মঞ্চে দেখছি তাদের। একই মঞ্চে শামীম ও আইভীসহ সবাই বসে আছি। নারায়ণগঞ্জের শক্তি এরাই। সামনে কঠিন দিন আসছে। মোকাবেলা করতে হবে।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। সম্মেলনে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রমুখ।










