ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪০) নামের এক ইজিবাইকচালককে পিটিয়ে হত্যা করেছেন এক মোটরসাইকেলচালক। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে। অভিযুক্ত খালিদ হাসান কেশবপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার রাত ৮টার দিকে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে দত্তনগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কেশবপুর মোড়ে পৌঁছলে সেখানে রাস্তার পাশে রাখা একটি মোটরসাইকেলে ধাক্কা লাগে। এরই জের ধরে মোটরসাইকেলের চালক খালিদ হাসানের সঙ্গে হাফিজুরের বাকবিতণ্ডায় লিপ্ত হন। এক পর্যায়ে খালিদ হাসান কয়েকজনকে সঙ্গে নিয়ে হাফিজুর রহমানকে লাঠি দিয়ে মারধর শুরু করেন। এতে হাফিজুর রহমান আহত হলে তাকে ফেলে পালিয়ে যান খালিদ। সেখান থেকে হাফিজুরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। ওসি বলেন, এ ঘটনায় যে বা যারা জড়িত তাদের আটকে অভিযান চলছে।










